যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালন ও মহান বিজয় দিবস উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে যশোর জেলা প্রশাসন। দিবস দুটি পালনে আলোচনা সভা, পুষ্পার্ঘ্য অর্পণ, বিশেষ দোয়া ও প্রার্থনা, কুচকাওয়াজ, প্রীতি ফুটবল ম্যাচ, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী, বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শহিদ বুদ্ধিজীবী দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে, সকাল সাড়ে ৮টায় চাঁচড়া বধ্যভূমিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা। এ ছাড়া বাদ জোহর জেলার সব মসজিদে বিশেষ দোয়া এবং মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
মহান বিজয় দিবসের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলার সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই সময়ে শামস-উল-হুদা স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হবে। সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীত পরিবেশন এবং মনিহার এলাকার স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।
সকাল সাড়ে ১০টায় টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হবে। একই স্থানে ১৬, ১৭ ও ১৮ ডিসেম্বর তিন দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। বিকেল সাড়ে ৩টায় শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রীতি ফুটবল ম্যাচ ও কুচকাওয়াজ প্রদর্শনী। এ ছাড়া বিনা টিকিটে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। পৌরসভার উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়ক জাতীয় পতাকা ও বিভিন্ন ফেস্টুন দিয়ে সাজানো হবে।
এদিকে ১৪ ও ১৫ ডিসেম্বর শিশু একাডেমিতে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকালে কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে মহান বিজয় দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুন্না বিশ্বাস, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা মাহফুজুল হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধারা।
সভা পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার।



