বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ এবং সভাপতিত্ব করেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. মোস্তাফিজুর রহমান শামীম।
দিবসটি উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের শিশু হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ডায়াবেটিক হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে হাসপাতালের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে ডা. মোস্তাফিজুর রহমান শামীম ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসাসেবার মান উন্নয়নে নানা কার্যক্রম তুলে ধরেন এবং ভবিষ্যতে সেবার পরিধি আরও বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যক্তিগত সচেতনতা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ওপর গুরুত্বারোপ করেন এবং হাসপাতালের সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, বিশিষ্ট চিকিৎসক ডা. আলী আকবর হালদার, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এ.বি.এম. আব্দুস সাত্তার, প্রফেসর এম. এ. সামাদ, জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক চৌধুরী ফারিয়ান ইউসুফ।
বক্তারা ডায়াবেটিস রোগের ভয়াবহতা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা গড়ে তোলার পাশাপাশি হাসপাতালের আধুনিক চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।



