নীলফামারীর ডিমলায় পৈতৃক সূত্রে পাওয়া জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে পাকা আমন ধান কেটে নেওয়া ও জমি জবরদখলের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের উৎপাদিত ফসল রক্ষা এবং পরিবারের জানমালের নিরাপত্তা চেয়ে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মো. তহিদুল ইসলাম বাচ্চু। এ বিষয়ে বুধবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার কালীগঞ্জ এলাকায় সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তহিদুল ইসলাম বাচ্চু জানান, তাঁর বাবা মৃত ইছামুদ্দিন এবং চাচা ইসমাইল উদ্দিন, সফির উদ্দিন ও সৃজির উদ্দিন এক্সচেঞ্জ কেস নম্বর-২৭০/৬৯-৭০-এর দলিলমূলে সংশ্লিষ্ট জমির মালিকানা লাভ করেন। জমিটি খতিয়ান নম্বর ৬৪/৮৬-এর অন্তর্ভুক্ত, যার দাগ নম্বর ১৮৪৯ ও ১৮৫০। দুই দাগে মোট জমির পরিমাণ ৫০ শতক। তাঁদের মৃত্যুর পর ওয়ারিশ হিসেবে তিনি ও পরিবারের অন্য সদস্যরা জমিটির মালিক হন। দীর্ঘদিন ধরে তাঁরা শান্তিপূর্ণভাবে জমিটি ভোগদখল করে আসছেন এবং নিয়মিত খাজনা-খারিজ পরিশোধ করছেন।
তাঁর অভিযোগ, তাঁদের অগোচরে একই গ্রামের মৃত পানাতুল্লা মামুদের ছেলে মোশারফ হোসেন সেটেলমেন্ট অফিসের কিছু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে তাঁদের ভোগদখলীয় জমি নিজের নামে বিএস রেকর্ডভুক্ত করিয়ে নেন। বিষয়টি জানার পর প্রকৃত মালিকানা প্রতিষ্ঠা ও বিতর্কিত বিএস রেকর্ড সংশোধনের দাবিতে মোশারফ হোসেনের পরিবারের সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে নীলফামারীর ডিমলা সিনিয়র সহকারী জজ আদালতে স্বত্ব ঘোষণার মামলা দায়ের করেন তিনি। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
তহিদুল ইসলাম বাচ্চু আরও বলেন, মামলা দায়েরের পর থেকেই প্রতিপক্ষ তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করে আসছে। এর আগে জমিতে আমন ধান রোপণেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়। সর্বশেষ গত ৯ নভেম্বর (সোমবার) সকাল আনুমানিক ১১টার দিকে প্রতিপক্ষ মোশারফ হোসেনের ছেলে আনছার আলী (৭০), মো. মহিদুল ইসলাম (৬৫), মো. রতন ইসলাম (৩০) এবং তাঁদের পক্ষের মো. নাসিরুল ইসলাম (৪৫), কুদ্দুছ আলী (৩৫), আজিজুল ইসলামসহ ৩০ থেকে ৩৫ জন লোক জমির পাশে এসে পাকা ধান কেটে নেওয়ার চেষ্টা ও জমি হালচাষ করে দখলে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি।
বর্তমানে জমির আমন ধান পেকে গেছে। যেকোনো সময় প্রতিপক্ষ লোকজন নিয়ে কিংবা রাতের আঁধারে ধান কেটে নিতে পারে বলে আশঙ্কা করছেন ভুক্তভোগী পরিবারটি। এমনকি নিজেদের জমির ধান কাটতে গেলেও হামলা ও জানমালের ক্ষতির আশঙ্কায় তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানান তহিদুল ইসলাম বাচ্চু।
সংবাদ সম্মেলনে তিনি জমির প্রকৃত মালিকানা নির্ধারণে নিরপেক্ষ তদন্ত, বিএস রেকর্ডে কথিত অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা, পাকা আমন ধান নির্বিঘ্নে কেটে ঘরে তোলার ব্যবস্থা এবং পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।


