জাতীয় ফুটবল দলে অবদান রাখা যশোরের ৮ খেলোয়াড়কে সংবর্ধনা

‘খেলাধুলা সবার জন্য’—এই ব্রতকে সামনে রেখে এগিয়ে চলেছে সৌখিন ক্রীড়াচক্র। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলে অংশগ্রহণ করে দেশের ফুটবলে অবদান রাখা যশোরের গর্বিত আট ফুটবল খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে প্রয়াত ফুটবলার শেখ আব্দুল হাকিমকে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়।

শনিবার সকালে প্রেসক্লাব যশোরের অডিটোরিয়ামে সৌখিন ক্রীড়াচক্রের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের হাতে সংবর্ধনা স্মারক তুলে দেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবর্ধিত খেলোয়াড়রা জাতীয় ফুটবল দলে অংশগ্রহণের মাধ্যমে সারাদেশে যশোরের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করেছেন। যশোরের ফুটবলের বিকাশে তাঁদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের মতো কৃতী খেলোয়াড়দের সম্মানিত করার মাধ্যমে নতুন প্রজন্ম ফুটবলের প্রতি আরও আগ্রহী হবে। তিনি আশা প্রকাশ করেন, অতীতের মতো যশোরে আবারও ফুটবলের জোয়ার ফিরে আসবে।

সৌখিন ক্রীড়াচক্রের সভাপতি প্রকৌশলী মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য দেন যশোর পৌরসভার সাবেক মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মারুফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব চিন্ময় সাহা, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক ফুটবলার আব্দুল গফুর, সৌখিন ক্রীড়াচক্রের সাবেক টিম ম্যানেজার অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল এবং ক্রীড়া ব্যক্তিত্ব সোহেল মাসুদ হাসান টিটো।

অনুষ্ঠান পরিচালনা করেন সৌখিন ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক এবিএম আখতারুজ্জামান।

সংবর্ধিত আট খেলোয়াড় হলেন—খন্দকার রকিবুল ইসলাম, কাওসার আলী, সৈয়দ মাশুক মোঃ সাথী, মামুদুর রহমান টনি, কাজী জামাল হোসেন, এস এম রাজিব, রাব্বি হোসেন রাহুল ও মিনহাজুল কবীর স্বাধীন।

এ সময় প্রয়াত ফুটবলার শেখ আব্দুল হাকিমের ফুটবলে অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়।

যশোরের ফুটবলের ঐতিহ্যকে তুলে ধরা এবং জাতীয় পর্যায়ে অবদান রাখা কৃতী খেলোয়াড়দের সম্মান জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি ক্রীড়াঙ্গনে নতুন প্রেরণার বার্তা ছড়িয়ে দেয়।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top