রাজবাড়ীর কালুখালী উপজেলায় আজ সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হয়েছে ‘হাম-রুবেলা টিকাদান কার্যক্রম ২০২৬’। উপজেলার প্রতিটি ইউনিয়নের নির্ধারিত ইপিআই (EPI) কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, শিশুদের মারাত্মক সংক্রামক রোগ হাম ও রুবেলা প্রতিরোধে এ কার্যক্রম বিশেষ ভূমিকা রাখবে। স্বাস্থ্য বিভাগের মতে, সময়মতো টিকা গ্রহণ করলে এসব রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায় এবং শিশুদের সুস্থ বিকাশ নিশ্চিত হয়।
ইউনিয়নভিত্তিক নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকাদান কার্যক্রম পর্যায়ক্রমে পরিচালিত হবে—
মাজবাড়ী, সাওরাইল ও কালিকাপুর ইউনিয়ন:
২০, ২১, ২৩, ২৫, ২৭, ২৮ ও ৩০ এপ্রিল ২০২৬
রতনদিয়া, মদাপুর, বোয়ালিয়া ও মৃগী ইউনিয়ন:
২১, ২২, ২৫, ২৬, ২৮, ২৯ এপ্রিল এবং ০২ ও ০৩ মে ২০২৬
এছাড়াও ইউনিয়ন পর্যায়ের কার্যক্রম শেষে পরবর্তী তিন কর্মদিবসে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একই বয়সসীমার শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে, যাতে কোনো শিশু টিকার বাইরে না থাকে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল অভিভাবকদের নির্ধারিত কেন্দ্র ও সময়সূচি অনুযায়ী উপস্থিত হয়ে তাদের সন্তানদের টিকা গ্রহণ নিশ্চিত করার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম ও রুবেলা শুধু শিশুদের জন্য নয়, পুরো সমাজের জন্যই ঝুঁকিপূর্ণ। তাই শতভাগ টিকাদান নিশ্চিত করতে অভিভাবকদের সচেতনতা ও অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে কালুখালী উপজেলায় কোনো শিশু হাম-রুবেলা টিকার বাইরে থাকবে না এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে তোলা সম্ভব হবে।






