রাজধানীর বাড্ডায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর মধ্যবাড্ডা বাজার গলির এক ভাড়া বাসা থেকে সানজিদা বেগম (২৬) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। এ সময় ঘরে উপস্থিত ছিল তার পাঁচ বছরের শিশু সন্তান।

গতকাল সকাল সাড়ে ৯টার দিকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

সানজিদা বেগম বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার সন্ন্যাসী গ্রামের আব্দুস সালামের মেয়ে। তিনি পাঁচ বছরের মেয়েকে নিয়ে মধ্য বাড্ডা বাজার গলি এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন।

বাড্ডা থানার এস আই (SI) আনোয়ারা আক্তার জানান, জাতীয় জরুরি সেবা নম্বরে (৯৯৯) খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে মধ্য বাড্ডা বাজার গলি এলাকার একটি বাসার নিচতলা থেকে সানজিদা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি দ্বিতীয় বিয়ে করে ওই স্বামীর সঙ্গেই ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্বামী ধানমন্ডিতে ব্যবসা করেন বলে জানা গেছে। সোমবার রাতে সানজিদা সিলিং ফ্যানের সাথে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে।
এস আই (SI) আনোয়ারা আক্তার আরও জানান, সানজিদার বাবার সাথে কথা বলে জানা যায়, তার দ্বিতীয় বিয়ের বিষয়টি পরিবার জানত না। তার বর্তমান স্বামীর নাম ও পরিচয় এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

মন্তব্য করুন