কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা-পুলিশের পৃথক অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জিআর ও সিআর পরোয়ানাভুক্ত আসামি ২ জন এবং সামারি ট্রায়ালের আসামি ৯ জন রয়েছেন।
পুলিশ সূত্র জানায়, ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক (এসআই) ডি এম এ মজিদের নেতৃত্বে একটি দল মাধবপুর এলাকা থেকে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. মামুনকে (৪২) গ্রেপ্তার করে। তিনি মাধবপুর গ্রামের মো. শাহ আলমের ছেলে।
পৃথক একটি অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. নাছির উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা ডগ্রাপাড়া গ্রাম থেকে সিআর পরোয়ানাভুক্ত আসামি মো. হক আলী রাসেলকে (৪২) গ্রেপ্তার করেন। তিনি ওই গ্রামের মৃত আলী আজমের ছেলে।
এদিকে এসআই মো. শামীম হোসেন, এসআই রুপম কুমার সরকার, এএসআই মোহাম্মদ শরীফুল ইসলাম, এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই মো. ইমরান হোসেনের যৌথ অভিযানে মাদক সেবনের অপরাধে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।
সামারি ট্রায়ালের জন্য আটক হওয়া আসামিরা হলেন—ব্রাহ্মণপাড়ার রামনগরের মো. আবুল কালাম আজাদ (৩৫), সাহেবাবাদের মো. সজিব (১৯), টাটেরার সিয়াম সরকার (১৯), ব্রাহ্মণপাড়া সদরের মো. কাইমুল ইসলাম ফাহিম (১৯) ও দধিখোলার মো. কাজল মিয়া (৩৮)। এ ছাড়া নারায়ণগঞ্জ সোনাগাঁওয়ের ধলদা এলাকার মো. পলাশ (৩৪), ভৈরবদীর মো. আবু বকর ছিদ্দিক (৩৫), মুক্তিমপুরের মো. আল আমিন (৩৭) এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারুওরা গ্রামের মো. সাইফুল ইসলাম (২৬)।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাঁদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।





