ঢাকার ধামরাই-সাভারে ডিবির অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলার ধামরাই ও সাভারে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৭ গ্রাম হেরোইন ও ২২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটজনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত ধামরাই, আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ জানায়, ১৩ সেপ্টেম্বর দুপুর ১টা ২০ মিনিটে ধামরাই থানার গোয়ালদী এলাকায় অভিযান চালিয়ে মোস্তফা ওরফে মস্তু (৪৭) ও দেলোয়ার হোসেন (৪০) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা।
এরপর বিকেল ৪টা ১০ মিনিটে আশুলিয়া থানার চানগাঁও এলাকায় অভিযান চালিয়ে কবির হোসেন (৫০) নামে একজনকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৮ গ্রাম এবং আনুমানিক মূল্য ২৪ হাজার টাকা।
একই দিন বিকেল ৫টা ৪০ মিনিটে সাভার থানার পোড়াবাড়ী কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে সুলতান মিয়া (২৪) ও মিজারুল ইসলাম (৪২) নামে দুজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
রাত ৯টা ২০ মিনিটে সাভার থানার  বক্তারপুর এলাকায় পৃথক অভিযানে সেতু বেগম (২৬) ও সোহাগী (২৩) নামে দুই নারীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
সবশেষ রাত ১০টা ৫০ মিনিটে সাভার থানার জোড়পুল তেতুলজোড়া এলাকায় অভিযান চালিয়ে মোহাম্মদ আলী (২৫) নামে একজনকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। এসব ইয়াবার ওজন ৪ দশমিক ২ গ্রাম এবং আনুমানিক মূল্য ১২ হাজার ৬০০ টাকা।
ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতার মোস্তফা ওরফে মস্তু এবং কবির হোসেনের বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি করে মামলা রয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন