প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে যশোরের শার্শা উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাগআঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। একক বিদ্যালয় হিসেবে সর্বাধিক শিক্ষার্থী বৃত্তি পেয়ে প্রতিষ্ঠানটি নতুন গৌরবের নজির স্থাপন করেছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির ৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ জন বৃত্তি অর্জন করেছে। এর মধ্যে ১৪ জন ট্যালেন্টপুল (মেধাবৃত্তি) এবং ৪ জন সাধারণ বৃত্তি পেয়েছে। এই ফলাফলের মাধ্যমে বিদ্যালয়টি উপজেলায় শীর্ষ অবস্থান নিশ্চিত করেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাবিহা খাতুন বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এই সাফল্য এসেছে। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা ধরে রাখতে আমরা কাজ করে যাব।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রেহেনা বানু বিদ্যালয়ের এই সাফল্যের প্রশংসা করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অভিনন্দন জানান। তিনি বলেন, এ অর্জন উপজেলার অন্যান্য
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।
এদিকে বিদ্যালয়ের এই কৃতিত্বে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।






