মাগুরার শালিখা উপজেলায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মাসুদ রানা (৪২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর বড় ভাই ও ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় দুই নারীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার তালখড়ি ইউনিয়নের নাঘোসা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাড়ির জমি নিয়ে মঙ্গলবার সকালে মাসুদ রানার সঙ্গে তাঁর বড় ভাই সিদ্দিকের বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। সিদ্দিকের শ্বশুরবাড়ি একই গ্রামে হওয়ায় খবর পেয়ে তাঁর শ্বশুর নূর আলী (৬০) ও চাচা শ্বশুর আখের আলী (৫৫) ঘটনাস্থলে আসেন। পরে তাঁদের সঙ্গে মাসুদ রানার কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে সিদ্দিকের স্ত্রী কাকলি (৩৫), মাসুদ রানার ছোট ভাইয়ের স্ত্রী সেতু (২৫), নূর আলী ও আখের আলীর বিরুদ্ধে বাঁশের লাঠি ও গাছের ডাল দিয়ে মাসুদ রানাকে মারধরের অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে তাঁর স্ত্রীসহ আরও কয়েকজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
পরে স্থানীয় লোকজন মাসুদ রানাকে উদ্ধার করে নাঘোসা বাজারের একটি ফার্মেসিতে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এদিকে, ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন অভিযুক্তদের বাড়ি ঘেরাও করেন। এ সময় দুই নারীকে একটি ঘরে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে শালিখা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দুই নারীকে আটক করে হেফাজতে নেয়।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, নাঘোসা গ্রামে এক ভাইয়ের হাতে অপর ভাই নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।



