রাজবাড়ীর কালুখালী উপজেলার বিশিষ্ট আইনজীবী, প্রবীণ বিএনপি নেতা, শিল্পপতি ও সমাজসেবক, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট লায়ন আব্দুর রাজ্জাক খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন কিডনিজনিত জটিলতায় ভোগার পর স্ট্রোকে আক্রান্ত হলে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টায় কালুখালীতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
জানাজায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, এমপি। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আইনজীবী, জনপ্রতিনিধি, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সর্বস্তরের মানুষ মরহুমের প্রতি শেষ শ্রদ্ধা জানান। এ সময় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
অ্যাডভোকেট লায়ন আব্দুর রাজ্জাক খান দীর্ঘদিন রাজবাড়ী জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি একজন প্রতিষ্ঠিত আইনজীবী, শিল্পপতি ও সমাজসেবক হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন। শিক্ষা, ধর্মীয় ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তাঁর মৃত্যুতে রাজবাড়ী, বিশেষ করে কালুখালী উপজেলার রাজনৈতিক, সামাজিক, আইনজীবী ও ব্যবসায়ী মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, আইনজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
অ্যাডভোকেট লায়ন আব্দুর রাজ্জাক খানের মৃত্যুতে কালুখালী উপজেলা একজন অভিজ্ঞ রাজনীতিক, প্রাজ্ঞ আইনজীবী ও জনহিতৈষী ব্যক্তিত্বকে হারিয়েছে। তাঁর রাজনৈতিক, পেশাগত ও সামাজিক অবদান স্থানীয় মানুষের কাছে দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।







