এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মাগুরায় ২ পরীক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার মানসিক আঘাত সইতে না পেরে মাগুরা সদর উপজেলায় দুই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত দুজনই মাগুরা সদর উপজেলার ‘সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজ’-এর শিক্ষার্থী ছিলেন।

​নিহতদের একজন বাপ্পি হোসেন, যিনি মাগুরা সদর উপজেলার আমুড়িয়া দক্ষিণপাড়া (মাঠপাড়া) এলাকার শফিকুল বিশ্বাসের ছেলে।

​অপর নিহত শিক্ষার্থী অনন্যা শিকদার, যিনি একই উপজেলার নতুনগ্রাম এলাকার মৃত অনীল শিকদারের মেয়ে।

​স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষার ফলাফল প্রকাশের পর কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় পৃথক স্থানে দুজনই নিজ নিজ বাড়িতে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন। তাদের এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে মাগুরা কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ নওয়াব আলী জমাদ্দার বলেন, “এ ধরনের পরিস্থিতিতে শিক্ষক ও অভিভাবকদের প্রধান দায়িত্ব হলো শিক্ষার্থীদের পাশে থাকা এবং নতুনভাবে আগামী দিনের প্রস্তুতির জন্য উৎসাহ দেওয়া। শিক্ষার্থীদের ওপর রাগারাগি, মারধর বা চোখ রাঙানো থেকে অভিভাবকদের সম্পূর্ণ বিরত থাকা উচিত।”

সন্তানের কাঙ্ক্ষিত ফলাফল না এলে তাকে বকাঝকা, অপমান কিংবা অন্যের সঙ্গে তুলনা করা থেকে বিরত থাকুন। এই সংকটময় সময়ে তাদের পাশে দাঁড়ান, মানসিক সাহস জোগান এবং মনের কথা শুনুন। মনে রাখবেন— সন্তান শুধু ভালো ফলাফলের জন্যই নয়, সে আপনাদের ভালোবাসা ও নিরাপত্তার প্রত্যাশী।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top