পটুয়াখালীর গলাচিপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে শহীদুল মোল্লা (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে উপজেলার রতনদি তালতলি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাচারিকান্দা মোল্লা বাড়িতে এই নৃশংস ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে নিজ বাড়ির সামনে শহীদুলকে লক্ষ্য করে তার চাচাতো ভাই দুলাল মোল্লা পিঠে ছুরি দিয়ে আঘাত করেন।
শহীদুলের চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসলে ঘাতক দুলাল পালানোর চেষ্টা করেন, কিন্তু গ্রামবাসীরা তাকে হাতেনাতে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। পরবর্তীতে গুরুতর আহত শহীদুলকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করেছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের সৃষ্টি হয়েছে।







