আদালতে রায় উপেক্ষা: মাগুরায় ভাইয়ের জমি দখল করে ঘর তোলার অভিযোগ

আদালতের নিষেধাজ্ঞা ও রায় উপেক্ষা করে আপন ভাইয়ের জমি জবরদখল করে ঘর তোলার অভিযোগ উঠেছে ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। মাগুরা সদর উপজেলার তিতারখাঁপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ভুক্তভোগী ভাই পুনরায় আদালতের দ্বারস্থ হয়েছেন।

​সরজমিন তদন্ত ও মামলার নথি থেকে জানা যায়, মাগুরার শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামের মৃত মোজাহার বিশ্বাসের ছেলে জহুরুল হক বিশ্বাস জাগলা মৌজার আরএস ১৩০২ নম্বর খতিয়ানের ৫৭ নম্বর দাগের ৬৯ শতাংশ জমির মধ্য থেকে ১৫ শতাংশ জমি গত ১২/০৬/১৯৯৩ তারিখে ৩৫৮১ নম্বর দলিল মূলে ক্রয় করেন। পরবর্তীতে তিনি নিজ নামে নামজারি (নামপত্তন) সম্পন্ন করে জমিটি ভোগদখল করে আসছিলেন। উক্ত জমিতে বাদীর মেহগনি, কাঁঠাল, তাল গাছ ও বাঁশঝাড় রয়েছে।

​একই দাগে বাদীর আপন ভাই মোঃ আতিয়ার রহমানের বাড়ি। বাদী জহুরুল হক দূরে বসবাস করার সুবাদে আতিয়ার রহমান ও তাঁর পরিবারের লোকজনের নজর পড়ে এই নালিশি জমির ওপর। পরিস্থিতি বেগতিক দেখে জমির মালিকানা ও দখল রক্ষার্থে বাদী ২০২০ সালে মাগুরা জজ আদালতে একটি মামলা দায়ের করেন (মামলা নং- ৫৪১/২০২০)। এই মামলায় তাঁর ভাই মোঃ আতিয়ার রহমান বিশ্বাস, মাজু বিবি, সাহাদত বিশ্বাস, জামাল উদ্দিন ও আয়নাল হককে বিবাদী করা হয়। বিবাদী সকলের বাড়ি মাগুরা সদরের তিতারখাঁপাড়া গ্রামে।

​এ ছাড়া একই জমি নিয়ে বাদী মাগুরার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৪৪/১৪৫ ধারায় আরও একটি মামলা দায়ের করেন (মামলা নং- শালিখা পি. ৬৮৭/২০২৪)। আদালত উভয় মামলাতেই বাদীপক্ষের অনুকূলে রায় প্রদান করেন।

​ভুক্তভোগী পক্ষের অভিযোগ, আদালতের এই স্পষ্ট রায় ও নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রায় দুই বছর আগে বিবাদীগণ জোরপূর্বক ওই জমিতে একটি ঘর তুলে ভাজা (খাবার) কারখানা তৈরি করেন। আদালতের রায় অমান্য করায় এর প্রতিকার চেয়ে বাদীপক্ষ দেওয়ানি কার্যবিধির ৩৯/২ আদেশ মোতাবেক আদালতে একটি ভায়োলেশন (আদালত অবমাননা) মামলা দায়ের করেছেন।

​এ বিষয়ে বাদী মোঃ জহুরুল হক বলেন, “আমি ৩০ বছর আগে জমিটি ক্রয় করে সেখানে গাছপালা লাগিয়ে ভোগদখল করে আসছিলাম। কিন্তু ৫/৬ বছর আগে আমার ভাই ও বিবাদীগণ জমিটি দখলের পাঁয়তারা শুরু করলে আমি আদালতের শরণাপন্ন হই। আদালত বরাবরই আমার পক্ষে রায় দিয়েছেন। কিন্তু আইন-কানুন তোয়াক্কা না করে বিবাদীগণ সেখানে অবৈধভাবে গৃহ নির্মাণ করেছে। এ কারণে আমি পুনরায় আদালতে ভায়োলেশন মামলা করেছি। আমি প্রশাসনের হস্তক্ষেপ ও আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করি।”

 

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন