১৭ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার মাহে রমজানের স্বাগত র্যালী সফলকল্পে এবং ২০২৬ সালের যাকাত-ফিতরা কালেকশনের জন্য এক প্রস্তুতি সভা আজ রবিবার বা’দ মাগরিব আলমগীর খানকা-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আনজুমান ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলম (মনজু)। প্রধান বক্তা ছিলেন সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসেন খোকন, আনজুমান সদস্য নূর মোহাম্মদ কন্ট্রাক্টর, আবদুল হাই মাসুম, মাহবুবুল আলম, মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান, ড. সাইফুল আলম, মাহমুদ নেওয়াজ, মুহাম্মদ ইলিয়াছ, গাউসিয়া কমিটি বাংলাদেশের বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ। সঞ্চালনা করেন মুখপাত্র এড. মোছাহেব উদ্দীন বখতিয়ার।
প্রধান ব্ক্তার বক্তব্যে মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, প্রতিবছরের মতো এবারও মাহে রমজানের স্বাগত র্যালী আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে- ইনশাআল্লাহ। গাউসিয়া কমিটি বাংলাদেশের সর্বস্তরের সদস্যগণের সহযোগিতায় এ আয়োজিত হচ্ছে। বিকাল ৪টায় সকলে জমিয়তুল ফালাহ ময়দানে জমায়েত হবেন। আছরের নামাজ পড়েই র্যালী শুরু হবে। আলমাস মোড়, কাজির দেউড়ি মোড়, জামাল খান মোড় হয়ে চট্টগ্রাম প্রেসক্লাবে গিয়ে আমরা আখেরি মোনাজাতের মাধ্যমে র্যালী শেষ করবো। যাকাত-ফিতরা কালেকশন সম্পর্কে তিনি বলেন, আপনাদের অনুদানের মাধ্যমে জামেয়াসহ সারাদেশে দুই শতাধিক প্রতিষ্ঠান আমরা পরিচালনা করছি। প্রতিবারের মতো আপনাদের যাকাতের অংশ এবং পরিবারের ফিতরাসমূহ আনজুমানের মিসকিন ফান্ডে দান করবেন। তিনি আরও বলেন, প্রতিবছর রমজান মাসে হাজার হাজার রোজাদার আলমগীর খানকা শরীফে প্রতিদিন ইফতার করে থাকেন। আপনাদের অনুদান দিয়েই আনজুমান ট্রাস্ট এ মহান খেদমতটি আঞ্জাম দিয়ে আসছে। প্রতিবারের মতো এবারও আপনাদের দানের হাতকে প্রসারিত করবেন সে কামনাই করি।
সমাপনী বক্তব্যে মোহাম্মদ মনজুর আলম (মনজু) বলেন, আনজুমানের সম্মানিত কার্যনির্বাহী সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ-চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার আওতাধীন সকল স্তরের সদস্যবৃন্দ, চট্টগ্রাম নগরীতে অবস্থিত আনজুমানের মাদরাসাসমূহ এবং সর্বস্তরের ধর্মপরায়ন মুসল্লীবৃন্দ স্বত:স্ফুর্তভাবে যোগদান করে র্যালীকে সাফল্যমন্ডিত করুন। কেননা, আনজুমান ও গাউসিয়া কমিটি প্রতিবছর এ র্যালী এজন্য আয়োজন করে যে, রমজানের পবিত্রতার বার্তা যাতে সমাজের সর্বত্র পৌছে যায়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এ র্যালীর আয়োজন। জামেয়ার জন্য আপনাদের দেওয়া অনুদান দিয়ে সারাদেশের আনজুমানের সকল প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। পূর্বের চেয়ে কালেকশনের পরিমাণ বৃদ্ধির প্রতি জোর দিতে আহ্বান জানান। তিনি সভাকে অবহিত করেন যে, আনজুমান সদস্য জনাব মাহমুদ নেওয়াজকে ক্যাবিনেট মেম্বার, মরহুম সিরাজুল হকের সুযোগ্য সন্তান হাফেজ মুহাম্মদ মারুফুর রহমানকে আনজুমান সদস্য, জামেয়া গভর্ণিং বডির সদস্য হিসেবে জনাব মোহাম্মদ কমর উদ্দীন সবুর এবং জামেয়া মহিলা মাদরাসার গভর্ণিং বডির সদস্য হিসেবে আনজুমান সদস্য ও দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক জনাব ওয়াহিদ মালেককে হুজুর কেবলা (মু.জি.আ) সদয় মনোনয়ন প্রদান করেন। শূন্যপদগুলো পূরণ করায় হুজুর কেবলার শুকরিয়া আদায় এবং মনোনীত ব্যক্তিদের ট্রাস্টের পক্ষ হতে অভিনন্দন জানান।
পরিশেষে, সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা বিশেষ নতুন সরকারের মাধ্যমে দেশ যাতে সুন্দরভাবে পরিচালিত হয় সেজন্য দোয়া ও মোনাজাত করেন অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান। এরপর সভার সমাপ্তি হয়।






