সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, ১৩ জেলায় কালবৈশাখীর আশঙ্কা

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।মঙ্গলবার সকালে সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে বিরাজমান পরিস্থিতির প্রভাবে সমুদ্রবন্দরগুলোতে অস্থির আবহাওয়া বিরাজ করতে পারে। এ অবস্থায় সাগরে থাকা মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলেও বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। ভোর ৫টা থেকে দুপুর ১টার মধ্যে ঢাকাসহ ১৩ জেলায় কালবৈশাখী ঝড়, বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে।এর মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।অন্যদিকে ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।নৌ কর্তৃপক্ষ ও নদীপথে চলাচলকারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদেরও দুপুরের আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন