চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন রৌফাবাদ এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত যুবক রাজুর পরিবারের সাথে সাক্ষাৎ করে গভীর সমবেদনা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং নিহতের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করে ন্যায়বিচার প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎকালে অধ্যক্ষ হেলালী বলেন, “রৌফাবাদের এই নির্মম হত্যাকাণ্ড অত্যন্ত ন্যাক্কারজনক ও মানবতাবিরোধী ঘটনা। একটি সভ্য সমাজে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।”
এসময় তিনি হামলার সময় ক্রসফায়ারে গুলিবিদ্ধ শিশুকন্যা রেসমা আক্তারের পরিবারের খোঁজখবর নেন এবং আহত শিশুটির চিকিৎসা, নিরাপত্তা ও সার্বিক সহায়তার বিষয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। শিশুটির বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।
তিনি আরও বলেন, “নিরীহ মানুষ ও শিশুদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজ সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি জনগণের মাঝে আতঙ্ক সৃষ্টি করছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।”
অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বলেন, “যদি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বৃদ্ধি পাবে। অপরাধীদের কোনো রাজনৈতিক বা সামাজিক পরিচয় দেখে ছাড় দেওয়া উচিত নয়।”
এসময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, চট্টগ্রাম-৮ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মানবিক ডা. আবু নাসের, ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আমীর কাজী আব্বাস আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।




