মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দীতে চুরির অভিযোগে আসাদুল হক আরিফ নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত আরিফ পাবনার চাটমোহর থানার ধোলাঝাড় গ্রামের আফজাল হোসেনের ছেলে।
মঙ্গলবার (২জুন) ভোরে এই ঘটনা ঘটে আইন নিজের হাতে তুলে নেওয়ার এই অমানবিক ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বামুন্দী বাজারের ‘খোকন এন্টারপ্রাইজ’ নামের একটি টায়ারের দোকানে অজ্ঞাত ৫-৬ জনের একটি সংঘবদ্ধ চোরের দল হানা দেয়। তারা দোকান থেকে টায়ার বের করে সড়কে থাকা একটি পিকআপ ভ্যানে তুলছিল। এ সময় দোকান মালিকের ভাই হঠাৎ ঘুম থেকে উঠে সিসিটিভি ক্যামেরায় দোকানের ভেতরে চারজনকে দেখতে পান।
তিনি তাৎক্ষণিকভাবে চোরদের বাধা দিলে ধস্তাধস্তি শুরু হয় এবং তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় দলের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও আসাদুল আরিফ গণপিটুনির শিকার হন। উত্তেজিত জনতা তাঁর ওপর চড়াও হয়ে তীব্র মারধর শুরু করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
সচেতন মহল এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, অপরাধীর শাস্তি নিশ্চিত করার জন্য আইন রয়েছে। এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়ার বিপজ্জনক সংস্কৃতি সমাজকে অরাজকতার দিকে ঠেলে দেবে। এই নির্মম হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত, তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা জরুরি।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার সুষ্ঠু তদন্তে কাজ করছে পুলিশ।






