ভোলায় পানি উন্নয়ন বোর্ড ঘেরাও, স্মারকলিপি প্রদান

ভোলায় মেঘন নদীর ভাঙ্গন রোধে স্থায়ী সিসি ব্লক স্থাপনের দাবীতে ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা। মঙ্গলবার (১৬ জুন) সকালে শিবপুর ও মেদুয়া ইউনিয়নের বিপুল সংখ্যক নারী-পুরুষ ভোলা সদরের যুগিরঘোল এলাকার পানি উন্নয়ন বোর্ডের ভোলা কার্যালয়ের সামনে জড়ো হয়ে ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পরে বিক্ষোভকারীরা কার্যালয় ঘেরাও করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় ভাঙনকবলিত দুই ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত স্মারকলিপি ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফের হাতে তুলে দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, মেঘনা নদীর তীব্র ভাঙনে ভোলা সদর উপজেলার শিবপুর ও দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা, কৃষিজমি, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। এতে হাজারো মানুষ চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে জীবনযাপন করছেন।
স্থানীয়দের অভিযোগ, অতীতে ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও তা স্থায়ী সমাধান দিতে পারেনি। নদীর প্রবল স্রোতে অনেক স্থানে জিও ব্যাগ ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন আরও বিস্তৃত হচ্ছে। ফলে দ্রুত সময়ের মধ্যে স্থায়ী সিসি ব্লক নির্মাণ ও টেকসই নদী রক্ষা বাঁধ বাস্তবায়নের দাবি জানিয়েছেন এলাকাবাসী। ক্ষতিগ্রস্ত এলাকা দ্রুত সরেজমিন পরিদর্শন করে শিবপুর ও মেদুয়া ইউনিয়নের মানুষের জান-মাল, বসতভিটা ও কৃষি জমি রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।
ভাঙন কবলিত এলাকার আমজাদ হোসেন বলেন, মেঘনা নদীর ভাঙনে প্রতিনিয়ত মানুষের জান-মাল, বসতভিটা ও কৃষি জমি হারাচ্ছে দিন দিন ছোট হয়ে আসছে শিবপুর ইউনিয়ন। দ্রুত এ ভাঙন রোধে স্থায়ী সিসি ব্লক স্থাপন করতে হবে। তা না হলে ভোলা শহর রক্ষা বাঁধ ভেঙে যে কোন সময় পানি ভোলা শহরে প্রবেশ করবে। তাই মেঘনার ভাঙন রোধে স্থায়ী সিসি ব্লক স্থাপনের দাবী জানাচ্ছে স্থানীয় বাসিন্দারা।
আলমাগীর নামে অপর ব্যক্তি জানান, নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ না নিলে মেঘনা ভাঙনে আরও বিস্তীর্ণ এলাকা নদীর গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।
শিবপুর ও মেদুয়া ইউনিয়নের জনগণের পক্ষে স্মারকলিপিতে আবেদন কারী এ কে এম নুর হোসেন বলেন, আমরা বিগত ৩-৪ মাস পূর্বে নদী ভাঙন রোধে আন্দোলন করেছিলাম, তখন আমাদেরকে পানি উন্নয়ন বোর্ড বলেছে যেভাবে হোক ব্লকের ব্যবস্থা করে দিবো। কিন্তু তাদের কোন পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। তাই অনতি বিলম্বে শিবপুর ও মেদুয়া ইউনিয়নকে রক্ষার জন্য আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি কামনা করছি। তা না হলে আমাদের এখানকার হাজার হাজার মানুষ ভিটে-মাটি হারাবে। আমাদের বাপ-দাদার ভিটেমাটি রক্ষায় সরকারকে যথপোযুক্ত পদক্ষেপ নিতে হবে। আমাদের দাবী না বাস্তবায়ন হলে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবো আমরা।
ভোলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন আরিফ শিবপুর ও মেদুয়া ইউনিয়নের মানুষের সাথে একাত্বতা প্রকাশ করে বলেন, আমরাও আপানাদের দাবীর সাথে একমত। সরকারও আপনাদের দাবীর বিষয়ে অবগত আছেন। নদী ভাঙন রোধে সরকার একটি প্রকল্প গ্রহণ করেছে, যা অনুমোদনের সর্বোশেষ অবস্থানে আছে। আগামী এক মাসের মধ্যেই এটা সম্পূর্ণ অনুমোদন হয়ে যাবে এবং তা বাস্তবায়ন হবে। আপনারা আশ্বস্ত থাকে আপনাদের দাবী সম্পূর্ণ বাস্তবায়িত হবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন