ইতালি প্রবাসী মাসুদ রানা হত্যা মামলাটিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ দেখিয়ে প্রত্যাহারের তালিকার অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার।
মঙ্গলবার ( ৫ মে) দুপুরে ফরিদপুর প্রেস ক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের ভাই ও মামলার বাদী মো. আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন নিহতের মা হালিমা বেগম, স্ত্রী শাহীন আফরোজ রোজি ও কন্যা মেহেরিবা।
ফরিদপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আশরাফুজ্জামান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।
লিখিত বক্তব্যে জানানো হয়, দীর্ঘ ১৮ বছর ইতালিতে থাকার পর দেশে ফিরে অন্যায়ের প্রতিবাদ করায় ২০২১ সালের ১৩ এপ্রিল ভাঙ্গা উপজেলার গজারিয়া এলাকায় মাসুদ রানাকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হলে তদন্ত শেষে ডিবি পুলিশ অভিযোগপত্র দাখিল করে। বর্তমানে অতিরিক্ত দায়রা জজ আদালতে মামলাটির বিচার কার্যক্রম চলছে এবং ইতিমধ্যে ৯ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে।
পরিবারের অভিযোগ, মামলার প্রধান আসামি ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ইমদাদুল হক বাচ্চুসহ অন্যান্য আসামিরা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের প্রভাবশালী নেতা। তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সম্প্রতি এই হত্যা মামলাটিকে ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা হিসেবে তালিকাভুক্ত করিয়েছেন। গত ২৩ এপ্রিল জেলা ম্যাজিস্ট্রেটের স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
নিহতের স্বজনরা আশঙ্কা প্রকাশ করে বলেন, মামলাটি প্রত্যাহার করা হলে তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হবেন। এছাড়া বাদীকে মামলা তুলে নিতে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলন থেকে মামলাটি প্রত্যাহারের প্রক্রিয়া বন্ধ করে বিচার কাজ সম্পন্ন করার জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।






