ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহাজালাল সাজুর বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী যৌন হয়রানির অভিযোগ করেন। ভুক্তভোগী ছাত্রীর ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে কয়েকজন ছাত্রীকে বিদ্যালয় মাঠ থেকে নিজের কক্ষে ডেকে নেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু। কথা বলার এক পর্যায়ে সুযোগ বুঝে ওই ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত দেন তিনি। হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় হতভম্ব হয়ে ছাত্রীটি দ্রুত রুম থেকে বের হয়ে সহপাঠীদের জানায়। পরে ক্লাসে শিক্ষক এলে তাকেও বিষয়টি জানানো হয়।অন্যান্য শিক্ষকেরা এ বিষয়টি নিয়ে অফিস রুমে আলোচনা করে এবং সমাধান করার চেষ্টা করে কিন্তু বিদ্যালয় ছুটির পর বাসায় ফিরে ছাত্রীটি তার মাকে সব খুলে বলে। মা স্কুলে এসে কথা বললে শাহজালাল সাজু প্রথমে অস্বীকার করেন, পরে ক্ষমা চান বলে জানা গেছে।
জানা গেছে, কয়েক মাস আগেও নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল শাহজালাল সাজুর বিরুদ্ধে। তখনও প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী পরিবার সেবার চুপ ছিল।ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নেওয়ার পর থেকে অনিয়ম ও বিতর্ক যেন পিছু ছাড়ছে না তার। এ ঘটনায় স্কুলের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।






