ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে ০১টি বিদেশী রিভলবার এবং ০১ রাউন্ড গুলিসহ মোঃ খোকন (২৬) নামে এক শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।
গতকাল সোমবার (৮ জুন) রাত পৌনে ৯টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় এবং ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ আঃ মুত্তালিবসহ ডিবির একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত খোকন টাঙ্গাইল জেলার ভূঞাপুর থানার অর্জুনা গ্রামের মোঃ মঈনউদ্দিন মন্ডলের ছেলে। বর্তমানে সে আশুলিয়ার চিত্রাশাইল (কাঁঠালতলা) এলাকায় বসবাস করে আসছিল।
অভিযানকালে আসামীর হেফাজত থেকে ‘MADE IN PAKISTAN’ লেখা ০১টি বিদেশী রিভলবার এবং ০১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত খোকন স্বীকার করেছে যে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র দিয়ে সে দীর্ঘদিন যাবত এলাকায় আধিপত্য বিস্তার ও বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা উত্তর ডিবির অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মঙ্গলবার (৯ জুন) আশুলিয়া থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজই তাকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ডিবির এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।





