নীলফামারীর ডিমলা উপজেলায় ট্রাকের ধাক্কায় নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, সোমবার (২৬ এপ্রিল) সকাল আনুমানিক ১১টার দিকে ডিমলা সদর ইউনিয়নের ডিমলা-রংপুর পাকা সড়কের সরদার হাট চৌপতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম আরবি আক্তার (১৫)। তিনি সদর ইউনিয়নের কুটিরডাঙ্গা বগুড়া পাড়া গ্রামের আমিনুর রহমানের মেয়ে এবং ডিমলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আরবি আক্তার নিজ বাড়ি থেকে সাইকেলযোগে ডিমলা সদরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সরদার হাট চৌপতি এলাকায় পৌঁছালে একই গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মানিক মিয়ার চালিত একটি ট্রাক পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের নিচে চলে যান এবং ট্রাকের পেছনের চাকা তার শরীরের উপর দিয়ে চলে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বিরাজ করছে এবং এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সড়কটিতে ভারী যানবাহনের বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।





