পরীক্ষার্থীদের পড়াশোনা করেই কেন্দ্রে আসতে হবে- জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, আমরা চাই আমাদের সন্তান মেধাবী হয়ে গড়ে উঠুক তারা আমাদের জন্য সহায়ক হোক, আমরা চাই পরীক্ষার্থীরা পড়াশোনা করেই পরীক্ষার কেন্দ্রে আসুক, তারা প্রস্তুত হয়ে আসার জন্য আমরা সব ধরনের ব্যবস্থা করছি৷ আমরা কেন্দ্রে গিয়ে পরীক্ষার্থীদের প্রশ্নের বিষয়ে জিজ্ঞেস করছি তারা আমাদের জানাচ্ছেন তাদের প্রস্তুতি মত প্রশ্ন খুবই ভালো হচ্ছে।
রবিবার (২৬ এপ্রিল) সকাল ১১টায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চলমান এসএসসি ও সমমান পরীক্ষার বালিকা উচ্চ বিদ্যালয় ও আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন, বর্তমান সরকার পরীক্ষা পদ্ধতি নিয়ে গুরুত্বারোপ করেছেন, নকলমুক্ত, সুষ্ঠু পরিবেশে শিক্ষার্থীরা যাতে পরীক্ষা দিতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। আমি বেশ কিছু পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে দেখেছি, আমাদের অফিসাররাও বিভিন্ন কেন্দ্রে আছেন তারাও আমাদের জানিয়েছেন যে সুষ্ঠুভাবে সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে৷
পরিদর্শনকালে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাদব চন্দ্র বসুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন