বগুড়ার ধুনট উপজেলায় ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) জাহাঙ্গীর আলমকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্ত্রীকে হত্যাচেষ্টার মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তাকে চাকরি থেকে বরখাস্ত করেন।
রোববার (১২ এপ্রিল) বিকেলে ছাতিয়ানী রোকেয়া ওবেদুল হক উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী এতথ্য নিশ্চিত করে বলেন, চাকরিবিধি মোতাবেক তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
মামলা ও বিদ্যালয় সূত্রে জানা যায়, উপজেলার পাচথুপি গ্রামের সিরাজুল হকের মেয়ে মিনা খাতুনের সাথে ২০০৬ সালে একই এলাকার কাশিয়াহাটা গ্রামের হযরত আলীর ছেলে জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। বিয়ের পর তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তানের জন্ম হয়। এ অবস্থায় ২০২০ সালের ২৫ আগস্ট স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে জাহাঙ্গীর আলম তার স্ত্রী মিনা খাতুনকে শ্বাসরোধে হত্যাচেষ্টা করে।
এ ঘটনায় ২০২০ সালের ১ সেপ্টেম্বর মিনা খাতুন বাদি হয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বগুড়া আদালতে একটি মামলা দায়ের করেন। এ অবস্থায় ২০২২ সালের ৭ নভেম্বর জাহাঙ্গীর আলম তার স্ত্রী মিনা খাতুনের সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে।
স্ত্রীর দায়েরকৃত মামলায় আদালত ২০২৫ সালের ৮ অক্টোবর জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৩ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করে। জাহাঙ্গীর আলম আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি হয়। থানা পুলিশ ২০২৫ সালের ৮ নভেম্বর জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে বগুড়া জেলা কারাগারে পাঠায়।







