সাপাহার উপজেলার বিভিন্ন আমবাগানে এখন দেখা মিলছে দৃষ্টিনন্দন মুকুলের সমারোহ। গাছে গাছে মুকুলে ভরে গেছে পুরো বাগান, যা দেখে স্বপ্ন বুনছেন স্থানীয় আমচাষিরা। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে বাম্পার ফলনের আশা করছেন তারা।
উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, ছোট-বড় প্রায় সব আমবাগানেই মুকুল এসেছে পর্যাপ্ত পরিমাণে। কৃষকদের ভাষ্যমতে, এ বছর শীত মৌসুম দীর্ঘস্থায়ী হওয়ায় গাছে মুকুল আসা ভালো হয়েছে। পাশাপাশি রোগবালাইও তুলনামূলক কম।
স্থানীয় আমচাষি ইজবুল হল জানান
“গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি মুকুল এসেছে। যদি ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ না হয়, তাহলে ফলন ভালো হবে বলে আশা করছি।”
আরেক চাষি জানান, সময়মতো কীটনাশক ও পরিচর্যা করলে মুকুল ঝরে পড়ার আশঙ্কা কম থাকবে। ইতোমধ্যে অনেকেই বাগানে নিয়মিত পরিচর্যা শুরু করেছেন।
উল্লেখ্য, নওগাঁ জেলা দেশের অন্যতম আম উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত। এখানকার উৎপাদিত আম দেশের বিভিন্ন জেলায় সরবরাহের পাশাপাশি বিদেশেও রপ্তানি হয়ে থাকে।
কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবং চাষিরা সঠিক পরিচর্যা করলে চলতি মৌসুমে আমের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যেতে পারে।
এদিকে আমগাছে মুকুলে ভরে ওঠায় উপজেলার আমচাষিদের মাঝে বইছে আনন্দের হাওয়া। এখন সকলের প্রার্থনা—প্রকৃতি যেন সহায়ক থাকে, আর কৃষকের মুখে ফুটুক স্বস্তির হাসি।







