মাগুরায় সরকার অনুমোদিত খুচরা সার বিক্রেতা নিয়োগ বহাল রাখা এবং সার সংক্রান্ত বিদ্যমান নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘মাগুরা জেলা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সরকার অনুমোদিত কার্যকরী ক্ষুদ্র সার বিক্রেতাদের বর্তমান অবস্থান ও নিয়োগ বহাল রাখা।
সার ডিলার ও বিক্রেতা সংক্রান্ত বর্তমান জটিল নীতিমালাগুলো খুচরা বিক্রেতা ও কৃষকের স্বার্থে সংশোধন করা।
মানববন্ধন শেষে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে খুচরা সার বিক্রেতারা মাঠ পর্যায়ে সরাসরি সেবা দিয়ে আসছেন। কিন্তু বর্তমান নীতিমালার কিছু জটিলতার কারণে সাধারণ বিক্রেতারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা দাবি করেন, ক্ষুদ্র ও খুচরা সার বিক্রেতাদের স্বার্থ ক্ষুণ্ন হলে সারের সুষ্ঠু বণ্টন ব্যাহত হতে পারে। তাই অবিলম্বে নীতিমালার প্রয়োজনীয় সংস্কার এবং বিক্রেতাদের সুরক্ষা নিশ্চিত করার জন্য তারা সরকারের প্রতি জোর আহ্বান জানান।
কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলার কয়েকশ’ খুচরা সার বিক্রেতা অংশ নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পর্যায়ক্রমে আরও কর্মসূচি পালনের ঘোষণা দেন।







