পাকিস্তানের করাচিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলার সময় মার্কিন মেরিন সদস্যরা বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালিয়েছেন। সোমবার দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এমন তথ্য জানান। যদিও কূটনৈতিক স্থাপনায় এ ধরনের শক্তি প্রয়োগকে বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। যা দেশটিতে চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে।
রোববার বিক্ষোভকারীরা কনস্যুলেট প্রাঙ্গণের বাইরের দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়লে সংঘর্ষ শুরু হয়। ওই ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার খবরে পাকিস্তানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানা গেছে, মেরিনদের ছোড়া গুলি কাউকে আঘাত করেছে বা নিহত করেছে কি না, তা স্পষ্ট নয়। এছাড়া কনস্যুলেটের নিরাপত্তায় নিয়োজিত বেসরকারি নিরাপত্তাকর্মী বা স্থানীয় পুলিশও গুলি চালিয়েছিল কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
প্রাদেশিক সরকারের মুখপাত্র সুখদেব আসারদাস হেমনানি বলেছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছিল, তবে তারা কোন বাহিনীর তা উল্লেখ করেননি।







