মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের পাঁচ নম্বর ভবনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে বস্তুটি দেখতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কলেজের পাঁচ নম্বর ভবনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সামনে মিষ্টির প্যাকেটে লাল টেপ দিয়ে মোড়ানো খেলনার মতো একটি বস্তু দেখতে পান শিক্ষার্থীরা। বিষয়টি দ্রুত কলেজের শিক্ষক ও কর্মচারীদের জানানো হলে কলেজ কর্তৃপক্ষ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেয়।
খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে। এ সময় সদর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু বকর নিজ হাতে বস্তুটি উদ্ধার করেন।
অধ্যক্ষ কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. আলফাজ উদ্দীন জানান, খেলনার মতো তার প্যাঁচানো ও লাল টেপ দিয়ে মোড়ানো বস্তুটি দেখতে পেয়ে শিক্ষার্থীরা তাদের অবহিত করেন। পরে দ্রুত প্রশাসনকে বিষয়টি জানানো হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে বস্তুটি সেখানে রাখা হয়ে থাকতে পারে। তবে এটি প্রকৃতপক্ষে কী, তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।



