নেত্রকোনা সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলার কাউবাড়ী নদীর ওপর জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নির্মিত দুটি বাঁশের সেতুর উদ্বোধন করেছে খুদে শিক্ষার্থী ও এলাকাবাসী।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার লেংগুরা ইউনিয়নের কাউবাড়ী নদীর ওপর রাধানগর ও জিগাতলা এলাকায় নির্মিত বাঁশের সেতু দুটি উদ্বোধন করা হয়।
সরেজমিনে দেখা গেছে, কাউবাড়ী নদীর ওপর নির্মিত রাধানগর বাঁশের সেতুটির দৈর্ঘ্য ১০২ ফুট ও প্রস্থ ৫ ফুট।আর জিগাতলা বাঁশের সেতুটির দৈর্ঘ্য ১০৭ ফুট এবং প্রস্থ ৫ ফুট। সেতু দুটি দিয়ে প্রতিদিন ১৩টি গ্রামের অগণিত শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পারাপার করেন।
এসময় কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া বলেন, কাউবাড়ী নদীর কারণে দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ চরম দুর্ভোগে ছিল।শত শত শিক্ষার্থী, নারী ও বয়স্কদের চলাচলে ভোগান্তি ছিল সীমাহীন।এ দুর্ভোগের কথা বিবেচনা করেই জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের উদ্যোগে আপাতত বাঁশের সেতু দুটি নির্মাণ করা হয়েছে।পরবর্তীতে এ নদীর ওপর পাকা সেতু নির্মাণে গুরুত্বের সাথে দেখা হবে।
লেংগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন মিলন বলেন,সেতু দুটি নির্মাণের ফলে এলাকার অনেক উপকার হয়েছে।এই সেতু দুটি নির্মাণের ফলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে। দুই পাড়ের শিক্ষার্থীরা এখন সহজে চলাচল করতে পারবে।
সেতু দুটি উদ্বোধনের আনন্দের মধ্যেও স্থায়ী পাকা সেতুর দাবি জানিয়েছে খুদে শিক্ষার্থীরা। তাদের ভাষ্য, বর্ষাকালে নদী পারাপারে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়তে হয়। বাঁশের সেতু দিয়ে চলাচল কিছুটা সহজ হলেও নিরাপদ ও টেকসই যোগাযোগের জন্য সেখানে পাকা সেতু প্রয়োজন।
জানতে চাইলে রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, ‘আমার বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাঁশের এই সেতু দুটির উদ্বোধন করেছে। এতে তারা খুব আনন্দিত। তবে শিক্ষার্থীসহ এলাকার মানুষের নিরাপদ চলাচলের জন্য এখানে পাকা সেতু নির্মাণ একান্ত দরকার।



