ডিমলায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নীলফামারীর ডিমলায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ডিমলা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান আলোচক ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মীর হাসান আল-বান্না, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী, জেলা বিএনপির সদস্য অধ্যাপিকা সেতারা সুলতান, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম রব্বানী প্রধান, উপজেলা জামায়াতের আমির মাওলানা মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও প্রভাষক আবুল কাশেম, ডিমলা বিএমআই কলেজের অধ্যক্ষ আ. কাদের, ছাত্রনেতা মো. রাসেল ইসলাম এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক।

এ সময় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য, দেশের রাজনৈতিক ইতিহাসে দিবসটির গুরুত্ব এবং জাতীয় ঐক্য ও সংহতির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। তাঁরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন পরিবেশনার মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। পাশাপাশি দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top