খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে যুবদল নেতাকে প্রকাশ্য দিবালোকে ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন কুপিয়ে হত্যা করেছে । শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার সেনহাটি ইউনিয়নের বকশি বাড়ি কবরস্থানের সামনে নৃশংস হত্যাকাণ্ডটি ঘটে।
দিঘলিয়া উপজেলার হাজীগ্রামের মুনসুর খার পুত্র নিহত মোঃ মুরাদ খা (৪৭) তিনি সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
সেনহাটি ইউনিয়নের বকশি বাড়ি কবরস্থান সংলগ্ন (টিটিসি সংলগ্ন) পাকা সড়কের ওপর বিকাল সাড়ে ৫ টায় দিকে যুবদল নেতার উপর হামলার ঘটনা ঘটে।
হামলাকারী দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন (৩২) এর নেতৃত্বে ৪/৫ জন মুরাদ খা ঐ রাস্তা দিয়ে যাওয়ার সময় তার গতিরোধ করে সাজ্জাদ ও তার সহযোগীরা কোনো কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।
আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা মুরাদ খাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা আনুমানিক ৬টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।
উল্লেখ্য, দিঘলিয়া উপজেলার পথের বাজারের ইজারা পাওয়াকে কেন্দ্র করে (১৯ ফেব্রুয়ারি) উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। ঐ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে ছাত্রদলনেতা সাজ্জাদ হোসেন মুরাদকে হত্যার হুমকি দেয় বলে জানাযায়। ধারনা করা হচ্ছে ঐ ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে একাধিক সূত্র জানিয়েছে।







