কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে জখমের প্রতিবাদে কচুয়া বাজারে বিক্ষোভ ও মানববন্ধন

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার কচুয়া বাজারে অন্য দোকান থেকে সিগারেট এনে না দেওয়ায় এক ব্যবসায়ী ও তাঁর দুই ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে। এ ঘটনায় প্রধান হামলাকারী সন্ত্রাসী রাজা ফকিরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক ঘণ্টা দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কচুয়া বাজারের ব্যবসায়ীরা ও এলাকাবাসী।
​আজ রবিবার বেলা ১১টায় স্থানীয় কচুয়া বাজারের রাজাপুর-কাঁঠালিয়া প্রধান সড়কে এই কর্মসূচি পালিত হয়। ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে সন্ত্রাসী রাজা ফকিরের সর্বোচ্চ শাস্তি এবং বাজারে সাধারণ ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তার জোর দাবি জানান।
​বাজার সমিতির সভাপতি মো. মোস্তফা হেলাল কিরণের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাজার সমিতির সাধারণ সম্পাদক মো. রিপন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা তপন কুমার হালদার, ব্যবসায়ী মনিরুল ইসলাম, জাকির হোসেন, সুমন চন্দ্র দাস, রিনা রানী, সেফালী রানী প্রমুখ।
​গত শুক্রবার দুপুরে ফারুক ফকিরের ছেলে সন্ত্রাসী রাজা ফকির (৩০) দোকানদার সমীর চক্রবর্তীর কাছে অন্য দোকান থেকে সিগারেট এনে দিতে বলেন। সিগারেট এনে না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তিনি সমীর চক্রবর্তী ও তাঁর দুই ছেলেকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পুলিশ তাৎক্ষণিকভাবে হামলাকারী রাজা ফকিরকে আটক করে। এ ঘটনায় আহত ব্যবসায়ী সমীর চক্রবর্তীর স্ত্রী রীনা রানী বাদী হয়ে রাজা ফকিরসহ দুজনকে আসামি করে শুক্রবার বিকেলে কাঁঠালিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন