সাভার পৌরসভার কাঞ্চনপুরে তীব্র জলাবদ্ধতায় পানিবন্দি শতাধিক পরিবার

টানা বৃষ্টিতে সাভার পৌর এলাকার কাঞ্চনপুর মহল্লায় সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় ড্রেনের নোংরা পানি ও বৃষ্টির পানি মিলেমিশে একাকার হয়ে গেছে। ফলে ওই এলাকার অর্ধশতাধিক পরিবার পানিবন্দি হয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, টানা বর্ষণের পর থেকেই কাঞ্চনপুর এলাকার রাস্তাঘাট ও বাসা-বাড়ির চারপাশ হাঁটু পানিতে তলিয়ে যায়। সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকা এবং বেশ কিছু ড্রেন ময়লা-আবর্জনায় আবদ্ধ হয়ে থাকায় পানি বের হতে পারছে না। এতে বসতবাড়ি ও আঙিনায় পানি প্রবেশ করেছে। রান্নাবান্না, শৌচাগার ব্যবহার এবং নিত্য প্রয়োজনীয় কাজে বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের নিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে পরিবারগুলো।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিনের ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় সামান্য বৃষ্টিতেই এই এলাকা প্লাবিত হয়। ড্রেন উপচে নোংরা পানি ঘরের সামনে জমে থাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ এবং বাড়ছে মশাবাহিত রোগের ঝুঁকি। পৌর কর্তৃপক্ষকে একাধিকবার বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তারা ক্ষোভ প্রকাশ করেন।
তালুকদার জাহিদুল ইসলাম জুয়েল নামে এক ব্যক্তি জানান, কাঞ্চনপুর মূলত সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের একটি মহল্লা। কিন্তু অল্প বৃষ্টি হলেই ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমরা এর দ্রুত প্রতিকার চাই।  এমপি মহোদয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বলেন, সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের কাঞ্চনপুর মহল্লায় প্রায় অর্ধশত পরিবার পানিবন্দি রয়েছে। কারণ বৃষ্টির মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় এই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং লোকজন বাঁশের সাকু দিয়ে চলাচল করে। আমরা এই অর্থবছরে ওই ওই মহল্লায় একটি ড্রেন ও রাস্তা নির্মাণ করব। এতে আগামী বছর থেকে তাদের আর পানিবন্দি জীবন পার করতে হবে না বলে জানান নির্বাহী ওই কর্মকর্তা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন