শালিখায় গরুতে বীজতলা খাওয়া কেন্দ্র করে ৪ জনকে পিটিয়ে আহত, থানায় মামলার প্রস্তুতি

মাগুরার শালিখা উপজেলার বাহির মল্লিকা গ্রামে গরুতে ধানের বীজতলা খাওয়াকে কেন্দ্র করে ৪ নারী-পুরুষকে পিটিয়ে ও পানিতে চুবিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের বিরুদ্ধে। একই সাথে আহতদের সঙ্গে থাকা সোনার গহনাও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের।

​শুক্রবার (২৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন—স্মৃতি বিশ্বাস (৩০), তার মা কবিতা বিশ্বাস (৫৫), স্বামী মানিক চৌধুরী (৪৫) এবং প্রতিবেশী পলাশ বিশ্বাস (৪০)। বর্তমানে তারা সবাই শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

​আহত স্মৃতি বিশ্বাস ও তার মা কবিতা বিশ্বাস জানান, শুক্রবার সকালে গরুতে ধানের বীজতলা খাওয়া নিয়ে সামান্য বাকবিতণ্ডার একপর্যায়ে তাদের প্রতিবেশী পলাশ বিশ্বাসের ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্তরা। পরবর্তীতে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে এলে প্রতিপক্ষ শ্যামল বিশ্বাস, সুজন বিশ্বাস, নিতিশ বিশ্বাস, মনোতোষ, অম্বিতা বিশ্বাস, সুইটি বিশ্বাস, স্মৃতি বিশ্বাস ও জয়সহ কয়েকজন সংঘবদ্ধ হয়ে তাদের ওপর শারীরিক নির্যাতন চালায়। হামলাকারীরা তাদের লাঠিপেটা করার পাশাপাশি নিকটস্থ পানিতে চুবিয়ে মারাত্মক আহত করে এবং সঙ্গে থাকা স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।

​হাসপাতালে চিকিৎসাধীন থাকায় ভুক্তভোগী পরিবারটি এখনো আনুষ্ঠানিকভাবে আইনি পদক্ষেপ নিতে পারেনি। তবে সুস্থ হয়ে দ্রুতই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তারা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন