ব্রাহ্মণপাড়া পৃথক অভিযানে ৩টি চুরির মামলার ৪ আসামি গ্রেপ্তার

​কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশ পৃথক তিনটি বিশেষ অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে। পৃথক এই চুরির ঘটনাগুলোতে থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছিল মঙ্গলবার (১৪ জুলাই) ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
​পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে উপজেলার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটে। এসব ঘটনায় দায়েরকৃত মামলার সূত্র ধরে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।
​পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মে সন্ধ্যা থেকে ২৯ মে সকালের মধ্যে যেকোনো সময় ব্রাহ্মণপাড়া থানাধীন ১নং মাধবপুর ইউনিয়নের মকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে ভেতরের বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। এই ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মামলা রুজু করা হয়।
​মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. জালাল উদ্দিন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত আসামি মো. ইমন ওরফে ইমন (২৩)-কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ইমন ব্রাহ্মণপাড়া উপজেলার কান্দুঘর (মঞ্জুর আলী ফকির বাড়ি) গ্রামের মো. শাহজালালের ছেলে।
​দ্বিতীয় অভিযানটি চালানো হয় ৮নং মালাপাড়া ইউনিয়নের এম ই চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনার প্রেক্ষিতে। গত ২ জুলাই বিকেল থেকে ৫ জুলাই সকালের মধ্যে চোরেরা বিদ্যালয়ের প্রধান ফটক ও অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল চুরি করে। এ ঘটনায় একটি চুরির মামলা দায়ের করা হয়।
​মামলা রুজুর পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত আসামি আরমান প্রকাশ রিফাত (২০)-কে গ্রেপ্তার করে। রিফাত বুড়িচং উপজেলার লড়িবাগ (উত্তরপাড়া, মাওলানা বাড়ি) গ্রামের বশির আহম্মদের ছেলে।এছাড়াও
​গত ১১ মে সকালে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের একটি বসতবাড়ির দরজার তালা সুকৌশলে ভেঙে ঘরের ভেতর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে।
​গ্রেফতারকৃতরা হলেন— ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে হাসিবুর রহমান শান্ত (২৭) এবং নাইঘর (নোয়াপাড়া) গ্রামের হারুন অর রশিদের ছেলে শহিদুল হাসান হৃদয় (২৫)।
​এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক হোসেন বলেন, “উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে পুলিশ তৎপর রয়েছে। চুরির ঘটনার সাথে জড়িত ৪ আসামিকে ইতিপূর্বেই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে আমাদের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।”

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন