ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর পৃথক পৃথক বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ৪ জন মাদক ব্যবসায়ী এবং একটি চোর চক্রের সদস্যসহ মোট ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের একাধিক টিম গঠন করে ২৯ এপ্রিল ২০২৬ তারিখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়।
প্রথম অভিযানে রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন কুটিবাড়ী ও মুটুকপাড়া এলাকায় অভিযান চালিয়ে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ সোহেল রানা (৩০), মামুন আহম্মেদ (৩৭), মোঃ রাজু হোসেন (৩৮) এবং মোঃ মিন্টু মিয়া (৩৮)। এ সময় তাদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা।
অপরদিকে, একই দিন রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে আশুলিয়া থানাধীন আউকপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে মোঃ হোসনে ভান্ডারী (৫০) নামে এক চোর চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে মামুন আহম্মেদের বিরুদ্ধে ৪টি, মোঃ রাজু হোসেনের বিরুদ্ধে ২টি, মোঃ মিন্টু মিয়ার বিরুদ্ধে ৩টি এবং হোসনে ভান্ডারীর বিরুদ্ধে ৭টি মাদকসহ অন্যান্য মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, চুরি ও অন্যান্য অপরাধ দমনে তাদের অভিযান আরও জোরদার করা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।






