মাগুরায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

মাগুরায় যথাযথ মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ৯টায় মাগুরা নোমানী ময়দানে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, মাগুরা পৌরসভা, সিভিল সার্জন, সরকারি কলেজ, মাগুরা প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
পুষ্পস্তবক অর্পণ শেষে নোমানী ময়দানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, জেলা পরিষদ প্রশাসক মোঃ আলী আহমদ, পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, সিভিল সার্জন ডা. শামীম কবির, মাগুরা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা অহিদুজ্জামান, মুক্তিযোদ্ধা আব্দুল ওহাবসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক গভীর বেদনাবিধুর দিন। এদিন পাকিস্তানি দখলদার বাহিনী অপারেশন সার্চলাইট-এর নামে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। গণহত্যা দিবস আমাদের সেই ভয়াল কালরাত্রির কথা স্মরণ করিয়ে দেয় এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের দিন হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন