মাগুরার আড়পাড়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে আজ ২৮ জুন (রবিবার) এক মানবিক কল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন’ মাগুরা জেলা শাখার উদ্যোগে এলাকার অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ‘দুস্থ ও প্রতিবন্ধী ভাতা-২০২৬’ বিতরণ করা হয়।
আয়োজকরা জানান, সমাজের পিছিয়ে পড়া ও শারীরিকভাবে অসমর্থ মানুষদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা এবং তাদের অধিকার রক্ষা করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। অনুষ্ঠানে বক্তারা আইনের সুশাসন ও মানবাধিকার রক্ষার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, “কোনো অন্যায়ই প্রতিকার বিহীন নয়। আইনের সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় মানবাধিকারের বিকল্প নেই।”
বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের (বিএমএফ) মাগুরা জেলা শাখার ম্যানেজার আবু হুসাইন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সংগঠনের ফিল্ড সুপারভাইজার স্বপ্না সরকার, প্রকল্প সুপারভাইজার আঁখি বিশ্বাস, কম্পিউটার অপারেটর দীপ্ত বৈদ্য, শালিখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ নওয়াব আলী, সাংবাদিক সুবির ঘোষ ও সুমন খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিরা উপকারভোগী দুস্থ ও প্রতিবন্ধী নাগরিকদের হাতে ভাতার অর্থ তুলে দেন। বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এলাকার সচেতন মহল সমাজের বিত্তবানদেরও এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।






