নড়াইলের লোহাগড়া উপজেলার ঘাঘা এলাকায় মধুমতী নদীতে নানির সাথে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছে সীমা খানম (১৪) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী। নিখোঁজের ১৮ ঘণ্টা পার হয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ কিশোরীকে উদ্ধারে বর্তমানে কাজ করছে খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি বিশেষ ডুবুরি দল।
পারিবারিক ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সীমা খানম লোহাগড়া উপজেলার ইতনা গ্রামের কালা চাঁদ শেখের মেয়ে। সে দীর্ঘদিন ধরে ঘাঘা গ্রামের নতুনপাড়ায় তার নানাবাড়িতে থাকত। গত রবিবার (১০ মে) বেলা ৩টার দিকে নানির সাথে বাড়ির পাশের মধুমতী নদীতে গোসল করতে যায় সীমা। এসময় নদীর তীব্র স্রোতে সে হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হয়।
ঘটনার পর থেকেই স্থানীয় লোকজন ও স্বজনরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও কিশোরীর কোনো হদিস পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরবর্তীতে উদ্ধার কাজে গতি আনতে খুলনা থেকে ডুবুরি দল তলব করা হয়। সোমবার সকাল থেকে তারা নদীতে তল্লাশি চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত কিশোরী সীমার সন্ধান মেলেনি।
এদিকে কিশোরীর নিখোঁজের ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।






