ঠাকুরগাঁওয়ে পিকআপ ভ্যান, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। বুধবার (২৬ আগস্ট) সকালে ভূল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি বালিয়া ইউনিয়নের বাসিন্দা আনোয়ার (৬০)। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, সকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। এ সময় ঠাকুরগাঁও থেকে আসা একটি পিকআপ ভ্যান ভূল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় পৌঁছে প্রথমে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ভূল্লী থেকে ছেড়ে আসা অটোরিকশাটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। পরে স্থানীয়রা আহত পাঁচজনকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপ ভ্যানের চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।




