আশুলিয়া-সাভারে ডিবির অভিযানে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ ৮ মাদক কারবারি গ্রেফতার

ঢাকা জেলার আশুলিয়া ও সাভার এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১৫০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকাসহ ৮ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
পুলিশ সূত্রে জানা যায়, ৮ মে বিকেল ৫টা ৩০ মিনিটে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাপেন্টাডলের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
গ্রেফতারকৃতরা হলেন— কারিজুল ইসলাম মানিক (৩৩), জামেনা (৩৩), মাছুমা আক্তার বিজলী (৩২), মজনু মিয়া (৩৮) ও রনজু মিয়া (৪৫)।
এদিকে একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে আশুলিয়ার পারাগ্রাম এলাকায় পৃথক অভিযানে মোঃ জাফর (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
অপরদিকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আশুলিয়ার গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে মোঃ শাহজালাল (৫০) নামে এক ব্যক্তিকে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ।উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এছাড়া ৯ মে রাত ১২টা ৪৫ মিনিটে সাভার থানার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাহাঙ্গীর আলম (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে জাফরের বিরুদ্ধে ৮টি এবং জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ৭টি মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, মাদক ও অপরাধ নির্মূলে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন