আশুলিয়ায় চাঁদা দাবি ও অপহরণকে কেন্দ্র করে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে পালিয়ে গেছে সন্ত্রাসীরা। তবে পুলিশও পাল্টা গুলি চালালেও কাউকে আটক করতে পারেনি। শনিবার (২৫ জুলাই) দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার চৌধুরী প্লাজায় এমন ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আশুলিয়ার চিহ্নিত সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীরা চৌধুরী প্লাজার ৫ম তলায় প্রবেশ করে। সেখানে তারা বাড়ির কেয়ারটেকার লিমাকে জিম্মী করে বাড়ির মালিকের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। ঘটনার একপর্যায়ে বাড়ির কেয়ারটেকার লিমার কোনো সন্ধ্যান না পেয়ে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়।
এ খবর পেয়ে পুলিশ আসলে ঘটনাস্থলে পুলিশের উপস্তিতি টের পেয়ে কেয়ারটেকার লিমাকে জিম্মী করা অবস্থায় পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। পরে পুলিশও সন্ত্রাসীদের লক্ষ করে পাল্টা গুলি ছোড়ে। এ সময় বাড়ির কেয়ারটেকার লিমাকে সুযোগ বুঝে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম জানান, এক ব্যক্তিকে সন্ত্রাসীরা জিম্মি করে রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা ৭-৮ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে গেছে। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।






