গত ১৮ মে ২০২৬ রোজ সোমবার বিকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলি ছোড়ার ঘটনায় তাৎক্ষণিক ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিজিবির দায়িত্বপূর্ণ ৪৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে পাল্টা ফায়ার করলে সীমান্ত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
ঘটনায় কোনো হতাহত হয়নি এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে। ঘটনার পর থেকেই পুরো সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো উসকানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
একইসঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক ও সচেতন করা হয়েছে।






