কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাপের কামড়ে মাহমুদা আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (১৬ অক্টোবর) রাতে উপজেলার ধান্যদৌল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মাহমুদা আক্তার ধান্যদৌল গ্রামের বাসিন্দা ফিরোজের মেয়ে। সে ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, শুক্রবার রাত ১০টার দিকে মাহমুদা নিজ বসতঘর থেকে বাড়ির উঠানে বের হলে একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এগিয়ে আসেন। পরে তাঁরা তাকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক নাঈম আবদুল্লাহ মাহমুদাকে মৃত ঘোষণা করেন।
কিশোরী মাহমুদার এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।





