সাভার-আশুলিয়ায় ডিবির অভিযানে মাদক, ছিনতাইকারী ও জুয়ার আসর থেকে ১৩ জন গ্রেফতার

ঢাকা জেলার সাভার ও আশুলিয়া এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর-এর পৃথক পৃথক বিশেষ অভিযানে মাদকদ্রব্য, ছিনতাই সরঞ্জাম ও জুয়ার আসর থেকে মোট ১৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ২ জন মাদক ব্যবসায়ী, ৩ জন ছিনতাইকারী এবং ৯ জন জুয়ারী রয়েছে। চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ডিবি পুলিশের একাধিক টিম গঠন করে ২৭ ও ২৮ এপ্রিল ২০২৬ তারিখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
প্রথম অভিযানে ২৭ এপ্রিল রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে সাভার মডেল থানাধীন তেতুলঝোড়া এলাকায় অভিযান চালিয়ে মোঃ জাহিদুল ইসলাম সুমন ওরফে সুমন খান (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬০ হাজার টাকা।
অপরদিকে, একই রাতে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান চালিয়ে ফারদিন হাসান জিসান (২২) ও মাহফুজুর রহমান (২৪) নামের দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি কাঠের বাটযুক্ত লোহার তৈরি ধারালো অস্ত্র এবং একটি ইলেকট্রিক শক মেশিন উদ্ধার করা হয়।
এছাড়াও আশুলিয়ার আউকপাড়া এলাকায় পৃথক অভিযানে সেলিম আহম্মেদ সাগর (৩৬) নামে আরও এক ছিনতাইকারীকে আটক করা হয়।
অন্যদিকে, ২৮ এপ্রিল রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন ভরারী এলাকায় অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ৯ জন জুয়ারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তাসের একাধিক সেট, নগদ ১৫ হাজার ৫৫০ টাকা এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে জাহিদুল ইসলাম সুমনের বিরুদ্ধে পূর্বে ৮টি মাদকসহ অন্যান্য মামলা এবং ফারদিন হাসান জিসানের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ অন্যান্য আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, ছিনতাই ও জুয়ার মতো অপরাধ দমনে তাদের অভিযান আরও জোরদার করা হয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন