সড়কে শৃঙ্খলা ফেরাতে কেরানীগঞ্জে টার্মিনাল স্থানান্তরের অংশ হিসেবে গত শুক্রবার থেকে রাজধানীর ফুলবাড়িয়া আন্তজেলা বাস টার্মিনালে দূরপাল্লার কোনো বাস ঢুকতে দেওয়া হচ্ছে না। ফলে ফুলবাড়িয়া অংশের সড়কে শৃঙ্খলা ফিরলেও গুলিস্তান ও হানিফ ফ্লাইওভারসহ বেশ কয়েকটি এলাকায় ব্যাপক যানজট দেখা দিয়েছে।
ফুলবাড়িয়া টার্মিনালে দূরপাল্লার বাস আসতে না পারায় সায়েদাবাদ ও দোলাইপাড় এলাকাতেও এর প্রভাব পড়েছে। ফলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
আজ মঙ্গলবার ২৮ জুলাই, সরেজমিনে দেখা যায়, ফুলবাড়িয়া-ঢাকা মেডিকেল রুটের যানজটের চিত্র পাল্টে গেছে। এত দিন এই রুটে দক্ষিণাঞ্চলের দূরপাল্লার বাসের কারণে যানজট লেগেই থাকত। এখন রুটটি প্রায় ফাঁকা।
তবে গুলিস্তানের অন্যান্য অংশে যানজটের পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। বিশেষ করে হানিফ ফ্লাইওভারে তীব্র যানজট দেখা দিয়েছে। যানবাহনের চাপ সামলাতে ফ্লাইওভারে দায়িত্বরত কর্মীরা হিমশিম খাচ্ছেন। ফ্লাইওভারের দায়িত্বরত কর্মীরা বলছেন, এত দিন দূরপাল্লার বাসগুলো ফ্লাইওভার থেকে গুলিস্তানে না নেমে ঢাকা মেডিকেল হয়ে ফুলবাড়িয়া টার্মিনালে পৌঁছাত। কিন্তু এখন এসব বাস গুলিস্তানেই নেমে যাচ্ছে। এ কারণে বাড়তি চাপ পড়েছে। আবার অনেক বাস ফ্লাইওভারের গোড়ায় যাত্রী ওঠানামা করাচ্ছে। ফলে যানজট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কেরানীগঞ্জে টার্মিনাল স্থানান্তরের সরকারি সিদ্ধান্তে তাঁদের দ্বিমত নেই। তবে তাদের মতে, রাজধানীর অন্য টার্মিনাল গুলো যেহেতু এখনই সড়ানো হচ্ছে না, তাই ফুলবাড়িয়া টার্মিনালের ক্ষেত্রেও কিছুটা সময় দেওয়া উচিত ছিল।




