প্রতিমন্ত্রী রাজিব আহসানের উদ্যোগে উলানিয়া কালিগঞ্জ ঘাটে আসছে নতুন পল্টুন

মেহেন্দিগঞ্জ উপজেলার অন্যতম ব্যস্ততম লঞ্চঘাট উলানিয়া (কালিগঞ্জ) ঘাটে দীর্ঘদিনের যাত্রীভোগান্তি দূর করতে নতুন পল্টুন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের প্রচেষ্টায় ইতোমধ্যে পল্টুন স্থাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু অপেক্ষা পল্টুনটির আগমনের।
স্থানীয় সূত্রে জানা গেছে, উলানিয়া (কালিগঞ্জ) ঘাট দিয়ে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০টি লঞ্চ যাতায়াত করে। এই রুট ব্যবহার করে প্রতিদিন হাজার হাজার যাত্রী ঢাকা ও বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে ঘাটে থাকা পুরোনো পল্টুনটির আকার ছোট হওয়া এবং যাত্রীদের জন্য পর্যাপ্ত ছাউনি না থাকায় নানা দুর্ভোগে পড়তে হতো সাধারণ মানুষকে।
এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে নতুন ও বড় পল্টুনের দাবি উঠেছিল। স্থানীয়দের দাবি ও যাত্রীসেবার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান।
নির্বাচিত হওয়ার পর তিনি একাধিকবার উলানিয়া লঞ্চঘাট পরিদর্শন করেন এবং যাত্রীসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় সম্ভাব্যতা যাচাই-বাছাই করেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ঘাটটির জন্য নতুন পল্টুন বরাদ্দের ব্যবস্থা করেন।
সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই ঢাকা থেকে নতুন পল্টুনটি উলানিয়া (কালিগঞ্জ) ঘাটে পৌঁছাবে বলে জানা গেছে।
এ উদ্যোগে খুশি স্থানীয় যাত্রী ও এলাকাবাসী প্রতিমন্ত্রী রাজিব আহসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নতুন পল্টুন চালু হলে যাত্রীদের দীর্ঘদিনের ভোগান্তি অনেকটাই কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

এ সম্পর্কিত আরো পড়ুন