নারী মক্কেলকে ধর্ষণের অভিযোগ: লাখাইয়ের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী শামসুল ইসলামের জামিন বাতিল, কারাগারে প্রেরণ

নারী মক্কেলকে ধর্ষণের মামলায় আদালত কর্তৃক ফরেনসিক ও ডিএনএ (DNA) রিপোর্টের ভিত্তিতে প্রাথমিক সত্যতা নিশ্চিত হওয়ায় হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট শামসুল ইসলামের জামিন বাতিল করা হয়েছে। বিজ্ঞ আদালত আসামির জামিন বাতিল করে তাকে সি/ডব্লিউ (C/W) মূলে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, অ্যাডভোকেট শামসুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০০)-এর ৯(১) ধারায় নিজের নারী মক্কেলকে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে উক্ত মামলার ভিকটিমের ফরেনসিক পরীক্ষা এবং ডিএনএ টেস্টের রিপোর্ট আদালতে দাখিল করা হলে তাতে ঘটনার প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়।

বিজ্ঞ আদালতে শুনানি চলাকালে বাদিনী পক্ষের আইনজীবীরা আসামির জামিন বাতিলের জোর আবেদন জানান। ফরেনসিক ও ডিএনএ রিপোর্টসহ উপস্থাপিত তথ্য-প্রমাণ ও যুক্তিতে সন্তুষ্ট হয়ে আদালত আসামির জামিন বাতিল করে তাকে সরাসরি জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

বর্তমানে মামলাটি চূড়ান্ত বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে প্রস্তুত করা হচ্ছে বলে জানা গেছে।

মামলায় বাদিনী পক্ষে শুনানিতে অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী হোসনে মোবারক ফেরদৌস, অ্যাডভোকেট মিজানুর রহমান এবং অ্যাডভোকেট মাহবুব আলম খোকন।

মন্তব্য করুন