নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই পশ্চিমপাড়া বুড়াবাড়ী জামে মসজিদের ইমাম জামির হোসেনকে আরবি পড়তে আসা শিশু শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে আটক করেছে পুলিশ। অভিযুক্ত জামির হোসেন ওই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়দের অভিযোগ, গত ছয় মাস ধরে মসজিদের ইমাম তার কাছে পড়তে আসা কোমলমতি শিশুদের মধ্য থেকে প্রতিদিন একজনকে উদ্দেশ্যমূলকভাবে দেরি করে ছুটি দিতেন এবং পরবর্তীতে তাদের শরীরের স্পর্শকাতর অঙ্গে স্পর্শকরা সহ অশালীন যৌন নিপীড়নের চেষ্টা চালাতেন।
গত ৭ মে ২০২৬, বৃহস্পতিবার সকালে কয়েকজন শিশু শিক্ষার্থী বাড়িতে গিয়ে তাদের পরিবারের কাছে ইমামের লালসার বর্ণনা দিলে বিষয়টি জানাজানি হয় এবং এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে মির্জাপুর ক্যাম্পের এসআই সুব্রত কুমার দাস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অভিযুক্ত ইমামকে আটক করেন। পুলিশ তল্লাশি চালিয়ে ইমামের কাছ থেকে চাকু ও চকলেটের প্যাকেট উদ্ধার করেছে, যা শিশুদের প্রলোভন ও ভয় দেখাতে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।
নড়াইল সদর থানার ওসি অজয় কুমার কুন্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে এবং আসামিকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।






